যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী আটক


প্রকাশিত: ০৯:৫০ এএম, ২০ মে ২০১৬

যশোরে জেসমিন খাতুন (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে জেসমিন আত্মহত্যা করেছে দাবি শ্বশুরবাড়ির লোকজনের।

শুক্রবার দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের স্বামী ফিরোজ হোসেনকে আটক করেছে পুলিশ।

জেসমিন শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার ফিরোজ হোসেনের স্ত্রী ও সদর উপজেলার বিরামপুর গ্রামের আয়ুব হোসেনের মেয়ে।

আয়ুব হোসেনের অভিযোগ তার মেয়ে জেসমিনকে যৌতুকের দাবিতে প্রায়ই মারপিট করতো স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। শুক্রবার ভোরে তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলিয়ে রাখা হয়। এখন আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিরাজ মোছাদ্দেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে। আর আটক ফিরোজ দাবি করেছেন জেসমিন আত্মহত্যা করেছে।

ময়নাতদন্ত রিপোর্ট না পর্যন্ত প্রকৃত কারণ উদঘাটন সম্ভব হচ্ছে না। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ৩০৬ ধারায় মামলা করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মিলন রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।