বালুতে তলিয়ে শিশু নিখোঁজ


প্রকাশিত: ০৮:০২ এএম, ০২ জুন ২০১৬

গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় ড্রেজার দিয়ে বালু তোলার সময় বালির নিচে তলিয়ে এক শিশু নিখোঁজ হয়েছে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের বালিয়ে সরিয়ে ওই শিশুকে খুঁজছেন এবং তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এ প্রতিবেদন লেকা পর্যন্ত ওই শিশুর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ওই শিশুর নাম শ্রীবাস চন্দ্র দাস (১০)। তার বাবা শ্রী নিরঞ্জন চন্দ্র দাস ও মা গীতা রাণী দাস স্থানীয় জরুন এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার চরবালু বান্দা এলাকায়। তারা স্থানীয় জরুন এলাকার আরিফুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।

Gazipur

শ্রী নিরঞ্জন জানান, তার ছেলে শ্রীবাস স্থানীয় বর্ণমালা আইডিয়াল একাডেমিতে ১ম শ্রেণিতে লেখাপাড়া করে। বুধবার দুপুরে স্কুল থেকে কোচিং করে তার সহপাঠী আরিফ, রাকিব, সজল, শাওনের সঙ্গে জরুন পূর্বপাড়া এলাকায় খেলতে যায়।

সেখানে ড্রেজার পাইপ লাইন দিয়ে একটি জলাশয় ভরাটের কাজ চলছিল। পাইপ দিয়ে যেখানে বালু মিশ্রিত পানি পড়ছিল সেখানে তারা খেলা করতে নামে। এক পর্যায়ে শ্রীবাস ও আরিফ বালুতে তলিয়ে যেতে থাকে। এ সময় আরিফ ওঠে আসতে পারলেও শ্রীবাস তলিয়ে যায়।

এদিকে, ওইদিন সন্ধ্যায় শ্রীবাস বাসায় না ফিরলে তার সহপাঠীদের কাছে তার সন্ধান করতে গেলে তারা ওই খবর জানায়। পরে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রাতে শ্রীবাসকে খোঁজাখুঁজি করেন। না পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে তার সন্ধান করতে থাকে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে সকাল ৮টা থেকে ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে তাকে উদ্ধার করার কাজ শুরু করা হয়। দুপুর দেড়টার দিকেও শ্রীবাসের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শ্রীবাসের ওই নিখোঁজের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ভিড় জমায়।

আমিনুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।