শুধু সানস্ক্রিন নয়, গরমে ত্বক রক্ষায় যেসব ভুল এড়িয়ে চলবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ০৮ এপ্রিল ২০২৬
ছবি: সংগৃহীত

গরমের দিনে শুধু শরীর নয়, ত্বকের দিকেও বাড়তি নজর দেওয়া জরুরি। এই সময় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক হয়ে ওঠে বেশি তৈলাক্ত। ঘাম, ধুলাবালি এবং জীবাণু একসঙ্গে মিশে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করে দেয়। এর ফলে ট্যান, দাগছোপ, এমনকি ব্রণের সমস্যাও বেড়ে যায়। তাই গ্রীষ্মকালে ত্বকের যত্নে সচেতন হতে হবে।

অনেকে মনে করেন, শুধু সানস্ক্রিন ব্যবহার করলেই ত্বক সুরক্ষিত থাকবে। তবে বাস্তবে বিষয়টি এত সহজ নয়। সানস্ক্রিন অবশ্যই জরুরি, কিন্তু তার পাশাপাশি কিছু অভ্যাস এড়িয়ে চলাও সমান গুরুত্বপূর্ণ।

ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং

সাধারণভাবে ত্বক ভালো রাখতে অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করা উপকারী। পাশাপাশি ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং এর ধাপগুলো মেনে চলা উচিত। তবে শুধু এগুলো করলেই হবে না, কিছু ভুল অভ্যাস থেকেও দূরে থাকতে হবে।

jago

চড়া মেকআপ এড়িয়ে চলুন

গরমে ঘাম হওয়া স্বাভাবিক। বাইরে বের হলেই মুখে ঘাম জমে যায়। এই অবস্থায় ভারী বা চড়া মেকআপ ব্যবহার করলে তা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। ঘাম ও মেকআপ একসঙ্গে মিশে ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে দেয়। ফলে হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস এবং ব্রণ হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়া মেকআপ গলে গিয়ে ত্বকের সৌন্দর্যও নষ্ট করে।

সানস্ক্রিন ব্যবহার না করা বড় ভুল

গ্রীষ্মকালে সানস্ক্রিন ব্যবহার করা একেবারেই অপরিহার্য। বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এটি ত্বকের ওপর একটি সুরক্ষা স্তর তৈরি করে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। সানস্ক্রিন ব্যবহার না করলে ট্যান, সানবার্ন, জ্বালাভাব এবং প্রদাহ বাড়তে পারে।

jago

বারবার মুখ ধোয়া থেকে বিরত থাকুন

গরমে ত্বক দ্রুত তৈলাক্ত হয়ে যায়। অনেকেই এই সমস্যার সমাধান হিসেবে বারবার মুখ ধুতে থাকেন। কিন্তু এটি একেবারেই ঠিক নয়। এতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়, যা ত্বককে সুরক্ষা দেয়। দিনে দুইবার ভালো ক্লিনজার দিয়ে মুখ ধোয়াই যথেষ্ট। তবে অতিরিক্ত গরমে মাঝে মাঝে ঠান্ডা পানি দিয়ে মুখে ঝাপটা দিলে আরাম পাওয়া যায়।

অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করবেন না

এই সময় যত কম প্রসাধনী ব্যবহার করবেন, ততই ত্বকের জন্য ভালো। ভারী প্রসাধনী ত্বকের ওপর চাপ সৃষ্টি করে এবং ত্বককে আরও তৈলাক্ত করে তোলে। তাই হালকা টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করাই যথেষ্ট। এতে ত্বক সতেজ থাকবে এবং অযথা সমস্যাও কমবে।

পর্যাপ্ত পানি পান না করা

ত্বকের যত্ন শুধু বাইরের নয়, ভেতর থেকেও নিতে হয়। গরমে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। তাই পর্যাপ্ত পানি পান না করলে ত্বক ভেতর থেকে শুষ্ক হয়ে পড়ে। এতে জ্বালাভাব, রুক্ষতা এবং প্রদাহ বাড়ে। তাই এই সময় বেশি করে পানি পান করা অত্যন্ত জরুরি।

গরমে ত্বক ভালো রাখতে শুধু সানস্ক্রিন ব্যবহার করলেই হবে না। এর সঙ্গে সঠিক স্কিন কেয়ার রুটিন মেনে চলা এবং কিছু ভুল অভ্যাস এড়িয়ে চলা জরুরি। নিয়মিত যত্ন ও সচেতনতা থাকলে এই গরমেও ত্বক থাকবে সুস্থ, উজ্জ্বল ও প্রাণবন্ত।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ভোগ

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।