গাজীপুরে বাসের ধাক্কায় শ্রমিক আহত : মহাসড়ক অবরোধ


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ১১ জুন ২০১৬

গাজীপুরে বাসের ধাক্কায় সোয়েটার কারখানার নিরাপত্তাকর্মীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে শ্রমিক আহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা একটি যাত্রীবাহী বাসে আগুন এবং মহাসড়ক অবরোধ করেছে।

কোনাবাড়ি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক মিয়া জানান, সকাল পৌনে আটটার দিকে ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইটাহাটা এলাকা অতিক্রমের সময় দিগন্ত সোয়েটার কারখানার সামনে এসে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও দিগন্ত সোয়েটার কারখানার নিরাপত্তাকর্মী ফজলুল হকসহ (৫০) তিনজন আহত হন।

এ ঘটনায় উত্তেজিত শ্রমিকরা ওই বাসটি ভাঙচুর করে। এসময় বিপরীত দিক থেকে আসা একই পরিবহনের অপর একটি বাস ওই এলাকা অতিক্রমকালে বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয়রা ওই বাসটিতে ভাঙচুর করে ও এক পর্যায়ে আগুন ধরিয়ে দিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। এসময় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের এবং আগুনে পোড়া বাসটি রাস্তা থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর ওই মহাসড়কে যানচলাচল শুরু হয়।
                    
আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।