অ্যাডহক কমিটির প্রথম সভায় যেসব সিদ্ধান্ত এলো

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:২১ এএম, ০৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সভায় বোর্ডের নিয়মিত কার্যক্রম চালু রাখা, ব্যাংক সিগনেটরি নির্ধারণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে প্রতিনিধিত্বসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিকেলে দায়িত্ব পেয়ে সন্ধ্যায়ই মিটিংয়ে বসে কমিটি। এরপর বোর্ডের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে কয়েকটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে অন্যতম ছিল ব্যাংক সিগনেটরি নির্ধারণ। বিসিবির ব্যাংক সিগনেটরি দুটি গ্রুপে ভাগ করা থাকবে, ম্যানেজমেন্ট গ্রুপ ও বোর্ড বা অ্যাডহক কমিটির গ্রুপ। ম্যানেজমেন্ট গ্রুপে থাকবেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও হেড অব ফাইন্যান্স। আর বোর্ডের পক্ষ থেকে সিগনেটরি হিসেবে থাকবেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান।

সভায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে বিসিবির প্রতিনিধিত্ব নিয়েও সিদ্ধান্ত হয়েছে। প্রথা অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বিসিবির সভাপতিই অংশ নেন। সেই অনুযায়ী এই দুটি সংস্থার সভায় অংশ নিতে তামিম ইকবালকে মনোনীত করা হয়েছে। পাশাপাশি বোর্ডটি যেহেতু অ্যাডহক কমিটি, তাই পরামর্শ অনুযায়ী সেখানকার বৈঠকে বিসিবির সিইওকেও এক্স অফিসিও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

সভায় আসন্ন নিউজিল্যান্ড সফর নিয়েও আলোচনা হয়েছে। সফরের প্রস্তুতি ও প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে একটি আপডেট নেওয়া হয়েছে এবং আগামী সভায় বিষয়টি আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া অ্যাডহক কমিটির পক্ষ থেকে একজন মুখপাত্রও নির্ধারণ করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডহক কমিটির সদস্য তানজিল আহমেদ। একই সঙ্গে বোর্ডের আইনি বিষয়গুলো দেখভালের জন্য লিগ্যাল কাউন্সিল নিয়োগের বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত পরবর্তী সভায় জানানো হবে।

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।