ট্রাকচাপায় কাভার্ডভ্যানের হেলপারের মৃত্যু


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৮ জুন ২০১৬

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় শরীফ হোসেন (১৯) নামে এক কাভার্ডভ্যানের হেলপারের মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের কাঞ্চন-মীরেরবাজার মহাসড়ক গলান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার হুগলী গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও এলাকার প্যারাগন কোম্পানির কাভার্ডভ্যানের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।   
    
কালীগঞ্জ থানা পুলিশের উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) চন্দন দে কাভার্ডভ্যানের চালক আবু সাঈদের বরাত দিয়ে জানান, দুপুরে গলান বাজারে কাভার্ডভ্যানটি পার্কিং করে হেলপার শরীফ কাঁঠাল কেনার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময়  দুই অরোহীসহ একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তিনি মাথায় আঘাত পেয়ে মহাসড়কে পড়ে যান।

ওই মুহূর্তে কাঞ্চনের দিক থেকে আসা মীরেরবাজারগামী দ্রুত গতির একটি ট্রাক তার উপর দিয়ে যায় এবং ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে ওই কাভার্ডভ্যানের চালক আবু সাঈদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। নিহতের মরদেহ তাদের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।      

আব্দুর রহমান আরমান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।