মালয়েশিয়ায় পাচারকারীদের হাতে নির্যাতিত যুবকের মৃত্যু


প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৮ জুন ২০১৬

মালয়েশিয়ায় মানব পাচারকারীদের হাতে নির্যাতিত যশোরের যুবক আব্দুর রাজ্জাক অবশেষে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

আব্দুর রাজ্জাক (১৮) চৌগাছা উপজেলার দশপাকিয়া গ্রামের জাকির হোসেন গাজীর ছেলে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পরিবারের অভিযোগে জানা গেছে, মালয়েশিয়ায় আটক রেখে মানব পাচারকারীরা আব্দুর রাজ্জাকের বাবার কাছ থেকে প্রায় সাত লাখ টাকার মুক্তিপণ আদায় করে। এরপর রক্ষা পান তিনি। ছাড়া পাওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় দেশে ফিরে ৮ জুন আব্দুর রাজ্জাক যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানে তার অবস্থার অবনতি ঘটে।

১৫ জুন তাকে যশোরের বেসরকারি হাসপাতাল কুইন্সে ভর্তি করা হয়েছিল। সেখানে ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম জহিরুল হক চৌধুরী আব্দুর রাজ্জাককের তত্ত্বাবধায়নে ছিলেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তিনিও রাজ্জাককে ঢাকায় রেফার্ড করেন।

জাকির হোসেন গাজী জানান, গত ৭ জুন রাতে মালয়েশিয়া থেকে রাজ্জাককে বিমানযোগে অসুস্থ অবস্থায় ঢাকায় আনা হয়। এরপর ৮ জুন দুপুর পৌনে ২টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল।
সে সময় আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন মালয়েশিয়ায় আটক রেখে মানব পাচারকারীদের টাকা আদায়ের লোমহর্ষক কাহিনী।

তিনি জানান, দশপাকিয়া গ্রামের একটি চক্র এখন মালয়েশিয়ায় গিয়ে মানবপাচার ব্যবসা শুরু করেছে। চক্রটি তিন বছর আগে তাকে মালয়েশিয়ায় নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন করে দুই লাখ ৪০ হাজার টাকা আদায় করে। কিন্তু নির্যাতন থামেনি। এক পর্যায়ে তিনি গুরুতর অবস্থায় দেশে ফিরে আসেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মিলন রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।