হাতিরঝিলে বাসায় ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ
রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে মোছা. নাবিহা তাহসিন নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এস আই) দীনবন্ধু রায় জানান, ৯৯৯-এর কলে খবর পেয়ে তারা মহানগর প্রজেক্টের ডি-ব্লকের ৩ নম্বর রোডের একটি বাসার তৃতীয়তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন। নাবিহা নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে তারা জানতে পেরেছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, তারা জানতে পেরেছেন গত বছর মায়ের মৃত্যুর পর থেকেই নাবিহা হতাশাগ্রস্ত হয়ে পরেন। তিনি সবসময় বলতেন মায়ের কাছে যাবেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
নিহত নাবিহার চাচাতো বোন শারমিন জাহান জানান, নাবিহা কুর্মিটোলার সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। নাবিহা জামালপুরের মিলনদহ থানার আদরা বাঘাডোবা গ্রামের মোহাম্মদ গোলাম রব্বানীর মেয়ে। তারা মহানগর প্রজেক্টে থাকতেন।
কাজী আল-আমিন/ইএ/এএসএম