নাটোরে কৃত্রিম তেল সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৮ এপ্রিল ২০২৬

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় অবস্থিত পাটোয়ারী ফিলিং স্টেশনে কৃত্রিম তেল সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে প্রায় এক ঘণ্টা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃত্রিম তেল সংকট সৃষ্টিসহ প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান না করার দায়ে পাটোয়ারী ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ও তেল না পেয়ে ভোক্তারা প্রতিবাদ জানিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরে জানতে পেরে পাটোয়ারী ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রমাণ মেলে ওই ফিলিং স্টেশনে পূর্বের পেট্রল মজুত ছিল ৭০০ লিটার ও পরে ৬ এপ্রিল নতুন বরাদ্দের ৩ হাজার লিটার আনার পর মোট মজুত হয় ৩৭০০ লিটার। ডেলিভারি মেশিনের নজেল নষ্ট দেখিয়ে ওই পেট্রল সাধারণ ভোক্তাদের মধ্যে বিক্রি বন্ধ রাখে কর্তৃপক্ষ। কিন্তু ৭ এপ্রিল রাতে প্রশাসন কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে না জানিয়ে একসঙ্গে ২৬০০ লিটার পেট্রল অন্যত্র বিক্রি করে তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করার কারণে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

ইউএনও আরও জানান, তেল নিয়ে কোনোরকম অবৈধ কারসাজি হলে প্রশাসন সেখানে কঠোর আইনগত হস্তক্ষেপ প্রয়োগ করবে।

রেজাউল করিম রেজা/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।