চালককে মেরে অটোরিকশা ছিনতাই : আটক ১


প্রকাশিত: ০৪:১০ এএম, ১৯ জুন ২০১৬

গাজীপুরের কালীগঞ্জে রবিউল ইসলাম (৩২) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় সুলতান উদ্দিন (২৩) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

নিহত রবিউল উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি কালীগঞ্জ পৌর এলাকার থানার সামনের স্ট্যান্ডে ভাড়ায় অটোরিকশা (ইজিবাইক) চালাতেন। এদিকে আটক সুলতান একই গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে।    

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে রোববার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তেন জন্য পাঠিয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান জানান, শনিবার বিকেলে আটক সুলতান নরসিংদী জেলার পলাশ উপজেলায় একটি অটোরিকশা (ইজিবাইক) বিক্রি করতে যান। এসময় বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পলাশ থানা পুলিশে খবর দিয়ে তাকে সোপর্দ করেন। পরে পলাশ থানা পুলিশ কালীগঞ্জে বিষয়টি জানালে কালীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এরই মধ্যে নিহত রবিউলের নিখোঁজের ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় অভিযোগ করেতে আসেন। পরে সেই সূত্রধরে আটক সুলতানকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

তিনি আরো জানান, গত শুক্রবার রাত ৮টার দিকে সুলতান ও তার দুই সহযোগী মিলে কালীগঞ্জ থানার সামনে থেকে পলাশ উপজেলায় যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া নেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ঘোনাপাড়া নামকস্থানে একটি জঙ্গলে রবিউলকে উপর্যোপরি ছুরিকাঘাত ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ইজি বাইকটি নিয়ে যায়। তার জবানবন্দি অনুযায়ী শনিবার দিবাগত রাত ২টার দিকে ওই স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাকিদের আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।

আব্দুর রহমান আরমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।