বেনাপোলে হত্যা মামলার আসামি গ্রেফতার
যশোরের বেনাপোলে চাঁদার দাবিতে বলফিল্ড মাঠে বৈশাখী মেলায় বোমা হামলায় হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি সুইটকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি রামদা উদ্ধার হয়েছে। সুইট বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের কবির হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি সুইট বেনাপোল বাজার এলাকায় অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ছাড়াও অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির অসংখ্য মামলা রয়েছে।
তিনি একজন চিহিৃত সন্ত্রাসী। সোমবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
জামাল হোসেন/এআরএ/পিআর