কাঁচপুরে ব্রেভারের ওয়াচ টাওয়ার উদ্বোধন করলেন সেতুমন্ত্রী


প্রকাশিত: ১১:২৪ এএম, ২১ জুন ২০১৬

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য ‘ব্রেভার’ এনার্জি ড্রিংকের সৌজন্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর মোড়ে নির্মিত ওয়াচ টাওয়ার উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে উদ্বোধনকালে সেতুমন্ত্রী বলেন, ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের আগে জয়দেবপুর-ময়মনসিংহ এবং ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়ক ঈদুল আযহার আগে উদ্বোধন করবেন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের সব কাজ প্রায় শেষ। এই দুটি মহাসড়কে অন্যান্য বছরের তুলনায় সব সড়কের অবস্থান ভালো।

Brever

সেতুমন্ত্রী আরো বলেন, সড়কের কারণে ঈদের সময় কোনো যানজট হওয়ার সম্ভাবনা নেই। যেসব স্থানে ছোট ছোট সমস্যা আছে, সেগুলো সংস্কারের কাজ চলছে। ঈদের সময় সড়কের জন্য যানজটের কোনো আশঙ্কা নেই।

মহাসড়কগুলোয় যাতে কোনো প্রকার চাঁদাবাজি এবং যাত্রীদের কাছ থেকে ঈদ উপলক্ষে পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেজন্য পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বিআরটিএ’র মোবাইল টিমকে সতর্ক থাকারও নির্দেশ দেয়ার কথা জানান তিনি।

Brever

এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ কবীর, জেলা ট্রাফিক পুলিশের এএসপি বদরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরাফত উল্লাহ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল ইসলাম প্রমুখ।

হোসেন চিশতী সিপলু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।