কুড়িগ্রামের সব আসনেই জয় পেলেন ১১ দলীয় জোটের প্রার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের নির্বাচনি মাঠে দাপুটে জয় পেয়েছে ১১ দলীয় জোট। জেলার চারটি সংসদীয় আসনেই জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন, যার মধ্যে তিনটি আসনে জামায়াতে ইসলামী এবং একটিতে শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ নির্বাচনের এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা) ১ লাখ ৪১ হাজার ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ২৫ ভোট। এই আসনে ৬৪.৪৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কুড়িগ্রাম-২ (সদর-রাজারহাট-ফুলবাড়ী) আসনে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আতিকুর রহমান। ‘শাপলা কলি’ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট। এখানে ভোটের হার ৬৬.৭৪ শতাংশ।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর হাত ধরে এই আসনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাসভীর উল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৭৯ হাজার ৩৫২ ভোট। এ আসনে ৬১.৮৬ শতাংশ ভোট পড়েছে।

কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) এই আসনে ১ লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াতের মো. মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আজিজুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট।

জেলার রিটার্নিং কর্মকর্তা জানান, কেন্দ্রের ভোটের সঙ্গে প্রথমবার চালু হওয়া পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করে ফলাফল প্রস্তুত করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। ফল ঘোষণার পর বিভিন্ন স্থানে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


রোকনুজ্জামান মানু/কেএইচকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।