আড়াই বছর পর দেশে ফিরল ওরা ১১ জন


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৩ জুন ২০১৬

পাচারকারীদের খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়ার আড়াই বছর পর এক শিশুসহ ১১ জন বাংলাদেশি কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

বৃহস্পতিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত এসেছেন তারা। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, ভালো কাজের প্রলোভনে শিশুসহ ১১ জন কিশোরী আড়াই বছর আগে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হয়ে যায়। পরে কলকাতার মেদেনীপুর এলাকায় অবৈধভাবে বসবাস করার অভিযোগে সেখানকার পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত এই ১১ জন বাংলাদেশি কিশোরীকে ভারতের কলকাতায় ‘লিলুফা’ নামে একটি শেল্টার হোমে রাখার নির্দেশ দেয়।

পরবর্তীতে দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রচেষ্টায় তারা দেশে ফেরত আসে। বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।
 
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির যশোর এরিয়া কো-অর্ডিনেটার নাসিমা খাতুন জানান, পোর্ট থানা থেকে এই ১১ কিশোরীকে যশোরে নিজস্ব শেল্টার হোমে রেখে পরবর্তীতে তাদের নিজ নিজ ঠিকানায় পৌছে দেয়া হবে।

জামাল হোসেন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।