বেনাপোলে ভুয়া সাংবাদিক আটক
বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে মাহাফুজ খান সুমন (৩৫) নামে ভুয়া এক সাংবাদিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার সকালে তাকে আটক করা হয়। আটক সুমন যশোরের পুরাতন কসবা এলাকার ওসমান খানের ছেলে।
২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান, সুমন আমড়াখালী বিজিবি চেকপোস্টে এসে বাস তল্লাশির ছবি তুলতে শুরু করে। এসময় বিজিবি সদস্যরা তার ছবি তোলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঢাকায় তার ইউটিউব ডটকম নামে একটি অনলাইন নিউজের অফিস আছে।
পরে তার কাছে সাংবাদিকতার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। এমনকি ওই নিউজ সংস্থার কোনো ভিজিটিং কার্ডও তার কাছে ছিল না। অবশেষে খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি একজন ভুয়া সাংবাদিক। এসময় তার শরীর তল্লাশি করে ভারতীয় ১০টি রুপি পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান জানান, সুমনের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
জামাল হোসেন/এআরএ/এবিএস