যশোরে চাঁদার দাবিতে দুই কিশোরকে কুপিয়ে জখম
যশোর শহরের রেলগেটে চাঁদার দাবিতে বাড়িতে ঢুকে দুই কিশোরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে রেলগেট পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলো, রেলগেট পশ্চিমপাড়া রেল কোয়ার্টারের বাসিন্দা মোহাম্মদ বাবুর ছেলে আব্দুস সামাদ মেমোরিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্র হাফিজুর রহমান সোহেল (১৬) ও তার বন্ধু একই এলাকার মজিবর রহমানের ছেলে স্যানিটারি মিস্ত্রি শিলন হোসেন (১৭)। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হাফিজুরের ভাই মাহফুজুর রহমান জানান, তারা রেলগেট পশ্চিম পাড়ায় একটি বাড়ি নির্মাণ করছেন। এ জন্য ওই এলাকার চাঁদাবাজ চক্র তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এই চাঁদা দিতে অস্বীকার করায় ওই চক্রের সদস্য সাগর, রমজান, সবুজ, তুহিন, মনু, রাজা, পলাশ, নজমুল, মোহন ও লিটন শনিবার বিকেলে তাদের বাড়িতে হামলা চালায়।
এসময় দুর্বৃত্তরা সোহেল ও তার বন্ধু শিলনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা চলে যায়।
তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানিয়েছেন, চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে ওই দু’জনকে কুপিয়ে জখম করা হয়েছে।
মিলন রহমান/এমএএস/এবিএস