বেনাপোলে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম


প্রকাশিত: ০৩:২৯ এএম, ২৭ জুন ২০১৬

বেনাপোলের কলেজপাড়ায় স্বামী স্ত্রীকে কুপিয়ে ২ লাখ টাকাসহ একটি দেড় ভরি ওজনের সোনার চেইন নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার কলেজপাড়ার খালেক গাজীর ছেলে আজগার আলী (২৮) ও তার স্ত্রী মরিয়ম (২৬) বেগম। আজগর আলী বেনাপোল চেকপোস্ট এলাকার ফল ব্যবসায়ী।

এলাকার লোকজন জানান, একদল দুর্বৃত্ত রাতে ঘরের দরজা ভেঙে আজগরকে হাত পা বেঁধে ঘরের বাইরে নিয়ে যায়। তার স্ত্রী মরিয়ম বাধা দিলে তাকে দা দিয়ে কুপিয়ে আহত করে এবং ঘরে থাকা আজগর আলীর ব্যবসার ১ লাখ ৭০ হাজার টাকা ও তার গলার দেড় ভরি ওজনের একটি সোনার চেইন নিয়ে যায়।

এর আগে আজগর আলীকে বাড়ির বাইরে নিয়ে প্লাস দিয়ে হাতের নখ উপড়ে দেয় এবং মাথা ও সারা শরীরে ৫/৬টি ধারলো অস্ত্রের কোপ এবং হাতুড়ি দিয়ে মারপিট করে গুরুতর আহত করে ফেলে যায়। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আজগার আলী জানান, চাঁদাবাজরা বেনাপোলের কেলেরকান্দা এলাকার ছেলে। সংখ্যায় তারা ৬ জন ছিল। তাদের সবাইকে আমি চিনতে পেরেছি।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

জামাল হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।