নারায়ণগঞ্জে বাসচাপায় যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা পরিবহনের একটি বাসচাপায় মেহের মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
মঙ্গলবার রাতে হাজীগঞ্জস্থ বন্দর খেয়াঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় বাসটি মেহেরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাহমিনা নাজমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাজীগঞ্জ এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত যুবককে নিয়ে আসা হয়। পরে তাকে মৃত ঘোষণা করলে তার স্বজনরা দ্রুত মরদেহ নিয়ে যায়। নিহতের বাড়ি বন্দর এলাকায় ছাড়া আর কোনো পরিচয় জানা যায়নি।
এদিকে, নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে গেলেও নিহতের স্বজন কিংবা ঘাতক গাড়িটি কাউকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে কেউ এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি।
শাহাদাত হোসেন/এসএস/এবিএস