সিদ্ধিরগঞ্জে এলাকাবাসী-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৯ জুন ২০১৬

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া এলাকায় মঙ্গলবার আবাসিক গ্যাস সঙ্কটের জেরে ভিবজিউর নিট কম্পোজিট লিমিটেডের কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার সকালে কারখানার ব্যবস্থাপক খালেদ হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০/৮০ জনকে আসামি করে এ মামলাটি করেন।
 
মামলায় উল্লেখ করা হয়েছে, ওই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ইন্ধনে আলাউদ্দিন (৩৫), সবুজ মিয়া (৪০), মিন্টু (২৮), মহিউদ্দিন (৩৮), অনু মিয়া (৩৮), জুয়েল (২৫), জীবনসহ (২৫) অজ্ঞাত নামা ৭০/৮০ জন লোক কারখানার প্রধান ফটক ভেঙে অবৈধ অনুপ্রবেশ করে কারখানার ভেতর ও বাইরে ভাঙচুর চালায়। এসময় তারা কেমিক্যাল ড্রামে আগুন লাগিয়ে ৪/৫টি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে মালিকপক্ষ।
 
উল্লেখ্য, জালকুড়ি উত্তরপাড়া এলাকায় গ্যাস সঙ্কটের জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ডাইং কারখানা ঘেরাও করে কারখানার ভেতরে ও বাইরে ভাঙচুর করাসহ কারখানার কয়েকটি গাড়ির কাচ ও মেশিন ভাঙচুর করে। এই ঘটনায় পুলিশ শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশ সদস্য ও সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
 
এলাকাবাসীর অভিযোগ ওই শিল্পপ্রতিষ্ঠানের মালিকপক্ষ অবৈধভাবে কম্প্রেসারের (বুস্টার মেশিন) মাধ্যমে গ্যাস টেনে নেয়ায় আবাসিক গ্রাহকরা গ্যাস পাচ্ছে না। অথচ তাদেরকে প্রতি মাসেই বিল গুনতে হচ্ছে।

অন্যদিকে, ভিবজিউর নীট কম্পোজিট লিমিটেড এর লিগ্যাল অ্যাডভাইজার হাবিবুর রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগ সত্য নয়। আমরাও গ্যাস সঙ্কটে রয়েছি। বাহির থেকে সিলিন্ডারে করে গ্যাস এনে কারখানা চালাই। অথচ একটি মহল ষড়যন্ত্র করে মিথ্যা রটনা ছড়িয়েছে আমাদের কারণে গ্যাস সঙ্কট হচ্ছে।

মঙ্গলবার ডিসি অফিসে বসে এলাকাবাসীর পক্ষে ২ জন, গ্যাস অফিস থেকে ২ জন ও আমাদের প্রতিনিধি হিসেবে ২ জন উপস্থিত থেকে মিটিং করে বিকেল ৪টার সময় একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত দল সরজমিনে এসে গ্যাস সঙ্কটের কারণ চিহ্নিত করে এর সমস্যা সমাধান করার কথা ছিলো। কিন্তু ফিরে আসার আগেই ওই ষড়যন্ত্রকারীরা কারখানায় হামলা করে।

হোসেন চিশতী সিপলু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।