চৌগাছায় শ্বশুর বাড়ির নির্যাতনে গৃহবধূর মৃত্যু


প্রকাশিত: ০৫:৪০ এএম, ৩০ জুন ২০১৬

যশোরের চৌগাছায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের মারপিটে রুমা রাণী (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত রুমা যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের সুভাষের স্ত্রী। তার লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিয়ান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রুমা নামের এক গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু এরই মধ্যে তার মৃত্যু হয়। এরপর তার লাশ রেখে স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে গেছে।

চৌগাছা থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আহসান জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, পাতিবিলা গ্রামের সুভাষ মানসিকভাবে অসুস্থ হওয়ায় কয়েকদিন আগে তাকে যশোর সদরের কোনো এক আত্মীয়র বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে গোলযোগের সূত্র ধরে রুমাকে কোদাল দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এরপর তার লাশ রেখে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে।

মিলন রহমান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।