যশোরে কৃষি অফিসের সিড সেন্টার ভেঙে মার্কেট নির্মাণ
যশোরে মার্কেট নির্মাণ করার জন্য কৃষি অফিসের ইউনিয়ন সিড সেন্টার ভেঙে ফেলার অভিযোগ উঠেছে এক ব্যক্তি বিরুদ্ধে।
শুক্রবার সকালে হৈবতপুর ইউনিয়নের সাতমাইল বাজারস্থ চার রুম বিশিষ্ট ভবনের একটি রুম ভেঙে ফেলা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই এলাকার বাসিন্দা আলা উদ্দিনকে আটক করেছে পুলিশ। তবে তাকে ছাড়াতে একটি মহল দেন দরবার করছে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, সাতমাইল বাজারে কৃষি অফিসের ইউনিয়ন সিড সেন্টার রয়েছে। এ ভবনের পেছনে মার্কেট নির্মাণ করছেন আলাউদ্দিন। তিনি লোকজন দিয়ে শুক্রবার সকালে সিড সেন্টারের একটি রুম ভেঙে ফেলেছেন।
খবর পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ইমদাদ হোসেন শেখ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহসহ কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান। পরে পুলিশ আলাউদ্দিনকে আটক করে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ইমদাদ হোসেন শেখ জানান, আলাউদ্দিন ভবনের পেছনে মার্কেট নির্মাণ করছিলেন। তিনি লোকজন দিয়ে ভবনের এক রুম ভেঙে ফেলেছেন বলে তারা জানতে পেরেছেন। পরে পুলিশ তাকে আটক করে কোতোয়ালি থানায় নেয়। এ ঘটনায় মামলা করার জন্য সদর উপজেলা কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহকে নির্দেশ দেয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, আলাউদ্দিনকে থানায় নেয়া হয়েছে। তবে সে ঘটনার সঙ্গে জড়িত কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। কৃষি কর্মকর্তারা থানায় এসেছেন। তারা মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মিলন রহমান/এআরএ/এমএস