কক্সবাজারে সমাবেশ মঞ্চে জামায়াত আমির
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার পৌর শহরের বাহারছড়ার মুক্তিযোদ্ধা (গোলচত্বর) মাঠের সমাবেশে পৌঁছেছেন ১১ দলীয় ঐক্যের প্রধান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটে তিনি মঞ্চে ওঠেন।
এর আগে সকাল দশটায় শুরু হয় সমাবেশের কার্যক্রম। সমাবেশকে কেন্দ্র করে মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সকাল থেকেই জেলার কুতুবদিয়া, পেকুয়া, টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালী, চকরিয়া ও কক্সবাজার সদরসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। মাঠে দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা মুহাম্মদ শাহজাহান।
সকাল থেকে জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং ১১দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন। প্রধান অতিথি মঞ্চে ওঠার আগে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-১ আসনের প্রার্থী ও শহর জামায়াতের আমির জেলা মজলিশের সুরা সদস্য আবদুল্লাহ আল ফারুক ও কক্সবাজার-৪ আসনের প্রার্থী জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারি।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, দেশ বর্তমানে গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের কারণে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। এই সংকট থেকে উত্তরণে ইসলাম ও দেশপ্রেমিক শক্তির মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই।
সর্বশেষ গত বছরের ৮ ফেব্রুয়ারি কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। তিনি সোমবার মহেশখালী, কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে পাঁচটি জনসভায় বক্তব্য রাখবেন।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস