পটুয়াখালী-১

আলতাফ চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরলেন গণঅধিকারের ফাহিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলাম ফাহিম।

সোমবার (২ ফেব্রুয়ারি ) সকালে পটুয়াখালী শহরের শের-ই-বাংলা সড়কে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ফাহিম বলেন, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পারস্পরিক এই রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে পটুয়াখালী জেলার অন্যান্য আসনগুলোতে গণঅধিকার পরিষদ বিএনপিকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় তিনি পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সব গণতান্ত্রিক শক্তির ঐক্য প্রয়োজন। শহিদুল ইসলাম ফাহিমের এই সিদ্ধান্ত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরীর প্রধান সমন্বয়কারী মাকসুদ বায়জিদ পান্না, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সাবেক সদস্য সচিব শাহ আলমসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উল্লেখ্য, পটুয়াখালী-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল আহসান এবং খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মো. সাইদুর রহমান তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে বর্তমানে এ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট মনোনীত এবি পার্টির প্রার্থী মোহাম্মদ আব্দুল ওহাব মিনাকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। এর পাশাপাশি শহিদুল ইসলাম ফাহিমের বিএনপি প্রার্থীকে সমর্থনের ঘোষণার পর নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।

বর্তমানে পটুয়াখালী-১ আসনের নির্বাচনি মাঠে আরও যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, তারা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফিরোজ আলম, জাসদের গৌতম চন্দ্র শীল এবং জাতীয় পার্টির প্রার্থী আ. মন্নান হাওলাদার।

মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।