ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপবোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপবোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের উপজেলার বালুজুড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের আবুল কাশেম সোমবার বিকেলে ফেনীর ছাগলনাইয়া চাদ বাজার থেকে ছোট-বড় আটটি গরু কেনেন। পরে গরুগুলো তার মালিকানাধীন পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৮-৩৭৫৪) বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে চৌয়ারা বাজারের উদ্দেশে রওয়ানা করেন। রাত পৌনে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি ব্রিজের উত্তর পাশে পৌঁছালে পিকআপটি বিকল হয়ে যায়। কিছুক্ষণ পর নবগ্রামের ইলিয়াছ হোসেন, বালুজুড়ির এএসএম রিফাত ও নোয়াপাড়ার রায়হান হোসেনের নেতৃত্বে আরও কয়েকজন পিকআপসহ গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

ওসি শাহাব উদ্দিন বলেন, গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ তিনজনকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।