সুন্দরবনে দস্যুদের কাছে জিম্মি ৬ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬

সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু নানাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৭ মার্চ ৬ জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানাভাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় ও জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। পরবর্তীতে মো. কবির নামের একজন ব্যক্তি তার ভাইকে গত ১০ দিন যাবৎ জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে কল করে জানান। সেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে মঙ্গলবার ভোর ৫টায় কোস্টগার্ড সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে ডাকাতদের কাছে জিম্মি থাকা ৬ জন জেলেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- রফিকুল (৩০), আলামিন (২৬), ইসমাঈল শানা (২৪), রমজান আলী (৩৬), রেজওয়ান (২২), মিয়া রাজ (১৮)। তারা খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আবু হোসাইন সুমন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।