শরীয়তপুরে ব্যতিক্রমী নির্বাচনি প্রচারণা বিএনপি প্রার্থীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

দেশের সব স্থানেই জমে উঠেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। পিছিয়ে নেই শরীয়তপুর জেলাও। ভোটারদের দৃষ্টি আকর্ষণে চিরাচরিত প্রচারণায় প্রথা ভেঙে সার্কাস দলের সদস্যদের দিয়ে প্রচারণা চালাচ্ছেন শরিয়তপুর-১ আসনে বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এমনি এক ভিন্নধর্মী প্রচারণা করতে দেখা গিয়েছে শরীয়তপুর শহরে।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসন থেকে ২১ জন প্রার্থী প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। এদের মধ্যে ১০টি দলের ১৭ জন দলীয় প্রার্থী ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুরে বেড়েছে প্রার্থী ও তাদের ব্যস্ততা। প্রার্থীর সবাই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

এদিকে সার্কাস দল দিয়ে প্রচারণা নিয়ে স্থানীয় বাসিন্দা সাদিয়াতুল জান্নাত বলেন, এমন প্রচারণা আমি এর আগে কখনো দেখিনি। তাদের দেখে আমার ভীষণ ভালো লাগছে। তাদের সঙ্গে ছবি তুলেছি। আনন্দদায়ক এমন প্রচারণা সত্যিই মজার। একটি ভোটের আমেজ তৈরি হয়েছে।

শরিয়তপুরে ব্যতিক্রমী নির্বাচনি প্রচারণা বিএনপি প্রার্থীর

সুজন মোল্লা নামের এক তরুণ ভোটার বলেন, আগের ইলেকশনগুলো ডামি ছিল। তাই সেভাবে প্রচারণা ছিল না। দীর্ঘদিন পর বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলামের এমন প্রচারণা দেখে মুগ্ধ হয়েছি। মনে হচ্ছে নির্বাচন নির্বাচন একটি ব্যাপার চলে আসছে। সার্কাস দলের সদস্যদের এমন কসরত দেখে আমরা সবাই খুব খুশি।

বগুড়া থেকে আসা সোনার বাংলা সার্কাসের দলের প্রধান সুশান্ত মোদক বলেন, আমরা বিএনপি প্রার্থী আসলামের প্রচারণা করতে এসেছি। রনপা, এক সাকার সাইকেল, জাগলান, বায়োস্কোপসহ বিনোদনমূলক অনুষ্ঠান করছি। সাধারণ মানুষ খুব আগ্রহ ভরে আমাদের এগুলো দেখছেন। বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমরা ভোটার পাবলিসিটি করছি।

এমন ব্যতিক্রমী আয়োজনের বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। আমরা ভোটাররা বিনোদন দিতে ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছি। সার্কাস দলের সদস্যরা বিভিন্ন শারীরিক কসরত দেখিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছে। ভোটাররা বিষয়টি খুব ভালোভাবে নিচ্ছে।

বিধান মজুমদার অনি/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।