এনসিপিতে যাওয়া ২০০ বিএনপি নেতাকর্মীকে বরণ করে নিলেন হান্নান মাসউদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালী-৬ আসনের হাতিয়ায় বিএনপির ২০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। ওই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাহাজমারা ইউনিয়নের সাদকানের বাড়িতে শাপলা কলির এক উঠান বৈঠকে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যোগদানকারীদের মধ্যে হাতিয়া উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন জনু মেম্বার, চানন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নবীর উদ্দিন, সোনাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফয়সাল পায়েল, বুড়িরচর ইউনিয়ন যুবদলের সদস্য মো. সোহেল, জাহাজমারা ইউনিয়নের বিএনপি সদস্য ও ওয়ার্ড সভাপতি মো. নাহিদ, জাহাজমারা ইউনিয়ন তাঁতী দলের ক্রীড়া সম্পাদক রুবেল, ৫ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি নিসান উদ্দিনসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের ২০০ নেতাকর্মী রয়েছেন।

বৈঠকে আবদুল হান্নান মাসউদ বলেন, আমরা একসঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে সুন্দর হাতিয়া গড়ে তুলবো। বিগত সময়ে আপনারা দল করেও সম্মান পাননি। আমি আপনাদের কী দিতে পারবো তা জানি না, তবে যথাযথ সম্মান দিতে পারবো- এটুকু বলতে পারি।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে গত কয়েক দিনে এক হাজারের বেশি বিএনপি নেতাকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রতিদিন অসংখ্য নেতাকর্মী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। যারা পরিচ্ছন্ন রাজনীতি করেন আমরা তাদের সবাইকে স্বাগত জানাই।

বৈঠকে এনসিপিতে সদ্য যোগদানকারী বিএনপি নেতা জয়নাল আবেদিন জনু মেম্বারের সভাপতিত্বে স্থানীয় ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।