লক্ষ্মীপুর
বিএনপি-জাপাসহ বিভিন্ন দলের দেড়শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীতে যোগদান দিয়েছেন বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের দেড়শতাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় তাদেরকে বরণ করে নেয় শহর জামায়াত।
যোগদান অনুষ্ঠানে লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, নাসির উদ্দিন মাহামুদ, জামায়াতের যুব বিভাগের শহর সভাপতি নাছির উদ্দিন ও আইনজীবী নেতা মাহির আসহাব প্রমুখ।
যোগদানকৃতদের মধ্যে লক্ষ্মীপুর পৌর যুবদল সদস্য মেহেদী হাসান হেদায়াত, পৌর ৩ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা সেচ্ছাসেবকদল সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা রয়েছেন। তারা নিজেকে স্ব স্ব পদবীর নেতা বলে দাবি করেছেন।
জোবায়ের হোসেন সুজন বলেন, আমি স্বেচ্ছাসেবক দলে ছিলাম। একজন জামায়াতে যোগ দিয়েছি। এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ বিভিন্ন বয়সের নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। যা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
তবে বিএনপির দাবি, ‘যোগদানকৃত কেউই তাদের নেতাকর্মী নয়, তারা আগেই জামায়াতের সঙ্গে জড়িত ছিল। এ বিষয়ে লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, লোকগুলো জামায়াতেরই ছিল। তারা আগে থেকেই জামায়াত করে। এখন দেখাচ্ছে অন্যদলের। আমি কাউকে চিনি না।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন বলেন, নিশান মোল্লা আমাদের দলের কোনো পদ পদবিতে ছিলেন না। উনি অনেক আগে জামায়াতের রোকন হয়েছে। তাহলে আজকে কেন আবার যোগদান। সিল মারার নাটককে আড়াল করার জন্য এই মিথ্যা নাটক সাজানো হয়েছে।
কাজল কায়েস/কেএইচকে/এএসএম