নারায়ণগঞ্জ
দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইসিতে জমিয়ত নেতার অভিযোগ
নারায়ণগঞ্জ পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ এনেছেন বিএনপি জোটের প্রার্থী ও জমিয়ত উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাশেমী। তিনি নির্বাচন কমিশনে (ইসি) লিখিত এ অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে মনির কাশেমী বলেন, ‘২৫ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছিলাম। কিন্তু এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় গত ১ ফেব্রুয়ারি ইসিতে অভিযোগ করেছি।’
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখছেন না। তারা একটি পক্ষ থেকে অর্থ নিয়ে বিশেষ সুবিধা দিচ্ছেন। ওই দুই কর্মকর্তা একটি বিত্তশালী ও বিশিষ্ট শিল্পপতি প্রার্থী এবং তার কর্মীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। এ কারণে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি, উদ্বেগ ও অসন্তোষ তৈরি হচ্ছে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনি প্রচার, সভা-সমাবেশ ও গণসংযোগের ক্ষেত্রে আর্থিক সুবিধার বিনিময়ে বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ধরনের আচরণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিপন্থি এবং নির্বাচন কমিশনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, এ বিষয়ে রিটার্নিং অফিসার আমাকে এখনও ডাকেননি। যদি আমাকে ডাকা হয় তাহলে আমি আমার বক্তব্য উপস্থাপন করবো।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম