চাঁদপুর-৪

গাড়িবহরে বিএনপি কর্মীদের হামলা, স্বতন্ত্র প্রার্থীসহ আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:০৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের নির্বাচনি প্রচারণার গাড়িবহর ও সমর্থকদের ওপর চার দফা হামলার অভিযোগ উঠেছে ধানের শীষের কর্মীদের বিরুদ্ধে। এসব হামলায় স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তিনি জানান, যে কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা, খাজুরিয়া বাজার ও রুপসা বাজারে একের পর এক হামলার ঘটনা ঘটে। এর আগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকদের একটি মিছিল থেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

গাড়িবহরে বিএনপি কর্মীদের হামলা, স্বতন্ত্র প্রার্থীসহ আহত ২০

রাতে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান অভিযোগ করে বলেন, ধানের শীষের কর্মী সমর্থকরা বার বার আমাদের পাশ দিয়ে মিছিল নিয়ে যায়। আমাদের পথসভা শেষ করে সামনের দিকে এগিয়ে যাই। হঠাৎ তারা আমাদের ওপর চড়াও হয় এবং আক্রমণ করার চেষ্টা করে। সেখানে পুলিশ তাদের সরিয়ে দেয়, তারপর আমরা চলে আসি।

তিনি আরও জানান, ষোলধানা এলাকায় আসলে আমাদের গাড়ির বহরে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। ওই সময় আমাদের নেতাকর্মীদেরও মারধর করে। ধানের কীসের মদদপ্রাপ্ত লোকজন আমাদের ওপর হামলা করেছে। এতে সাবেক পৌর মেয়র মঞ্জিল, যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম পাটোয়ারী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জসিম পাটোয়ারী, ইউসুফ, শ্রমিক দলের সভাপতি আলী হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ আরও অনেকে আহত হয়েছেন।

এম এ হান্নানের দাবি, আহতের সংখ্যা প্রায় ২০ এর ওপরে হবে। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির নামধারী হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে প্রশাসনকে হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ বলেন, এম এ হান্নান যে অভিযোগ করছেন সেটি একেবারেই ভিত্তিহীন। বরং তার উপস্থিতিতে আমার নেতাকর্মীদের ওপর তার কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে। যার প্রমাণ ভিডিও ফুটেজে দেখা গেছে। আমাদের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।