অবশেষে সারোয়ার তুষারকে সমর্থন জামায়াত প্রার্থীর, অংশ নিলেন মিছিলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সারোয়ার তুষারের শাপলা কলি মার্কার পক্ষে নির্বাচনি মিছিলে অংশ নেন মাওলানা আমজাদ হোসেন

নরসিংদী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের প্রার্থী সারোয়ার তুষারকে সমর্থন জানিয়েছেন জামায়াতে ইসলামের মাওলানা আমজাদ হোসেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সারোয়ার তুষারের শাপলা কলি মার্কার পক্ষে নির্বাচনি মিছিলে অংশ নেন জামায়াতের এই নেতা।

উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি পলাশ বাসস্ট্যান্ড থেকে খানেপুর বাজার হয়ে বিআইডিসি মোড় প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। আমজাদ হোসেন ও সারোয়ার তুষার ছাড়াও ১১ দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি আসন সমঝোতার ভিত্তিতে নরসিংদী-২ আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে জামায়াতের প্রার্থী মাওলানা আমজাদ হোসেন তার মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। এ কারণে স্থানীয় ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে আজ সারোয়ার তুষারকে আমজাদ হোসেনের প্রকাশ্য সমর্থনের মধ্য দিয়ে সেই বিভ্রান্তি দূর হয়েছে বলে মনে করছেন ভোটাররা।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থীর জন্য দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার জন্য আবেদন জানায় দলটি। গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বরাবর পাঠানো চিঠিতে এ আবেদন জানানো হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সই করা চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নরসিংদী-২ আসনে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে ওই আসনটি এনসিপি প্রার্থী সারোয়ার তুষারকে ছেড়ে দেওয়া হয়।

সঞ্জিত সাহা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।