দুই বছর পর দেশে ফিরল ওরা


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৬ জুলাই ২০১৬

দুই বছর আগে দালালের প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি কিশোরকে উদ্ধারের পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত দেওয়া হয়। রাতেই তাদের যশোর নিয়ে যাওয়া হয়েছে।
 
ফেরত আসা কিশোরেরা হলো, যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের বাবর আলীর ছেলে হুসাইন (১৬), সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফুল (১৭), শ্যামনগর  উপজেলার কেরাঘাট গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে জামির আলী (১৬) ও ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা গ্রামের খোকন মিয়ার ছেলে সজিব মিয়া (১৬)।
 
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, দুই বছর আগে ওই চার কিশোর দালালের খপ্পরে পড়ে ভারতে পাচারের শিকার হয়। পরে কলকাতার মেদেনিপুর এলাকায় পাচারকারীদের কাছে আটকা থাকে।

খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে আদালতের নির্দেশে ২৪ পরগনার কিশালয় ও নদীয়া জেলার কৃষ্ণনগর শেলটার হোমে তাদের আশ্রয় হয়। পরবর্তীতে তাদের নাম-ঠিকানা যাচাই করে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ট্রাভেল পরমিটে ফেরত আনা হয়।

তিনি আরো জানান, পুলিশের কাছ থেকে তারা ওই কিশোরদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রহণ করেছেন। এদের যশোরের একটি শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।
 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাদের অভিভাবকদের কাছে পৌছে দেওয়ার জন্য রাইটস যশোরের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

জামাল হোসেন/ এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।