যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ১০০ বন্দি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রথমবারের মতো যশোর কেন্দ্রীয় কারাগারের ১০০ বন্দি ভোট দিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) তারা পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেন।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, পোস্টাল ব্যালটে ভোট প্রদানের বিষয়টি প্রথমে বন্দিদের অবহিত করা হলে অনেকেই আগ্রহ প্রকাশ করেন। তবে আগ্রহ থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্র না থাকাসহ অন্যান্য কারণে অনলাইনে নিবন্ধন করতে পারেননি অনেকে। আবার কেউ কেউ জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকায় আবেদন করতে চাননি। সব মিলিয়ে সর্বশেষ ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১২৯ বন্দি ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেন। পরবর্তীতে শনিবার সর্বশেষ ১০০ জন বন্দি ভোট প্রদান করেছেন।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র আরও জানায়, নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট আসার পর কারাগারের ভেতরেই ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়। বন্দিদের নিজ নিজ নির্বাচনি আসনে কোন কোন প্রার্থী ও প্রতীকে নির্বাচন করছেন সে বিষয়ে আগে থেকেই বিস্তারিত জানানো হয়। নির্ধারিত সময়ে নিবন্ধিত ভোটারদের জন্য নির্বাচন কমিশন পৃথকভাবে খাম পাঠায়। প্রতিটি প্যাকেটে ভোট প্রদানের নিয়মাবলি, স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থান এবং ব্যালট পেপার ছিল। বন্দিরা ব্যালট পেপারে ভোট দিয়ে খাম সিলগালা করেন। এরপর কারাগারের নির্ধারিত স্থানে বসেই তারা ভোট প্রদান করেন। পরে ব্যালট পেপারের খাম ও স্বাক্ষর করা কপিটি আরেকটি খামে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান বলেন, নিবন্ধিত বন্দিদের মধ্যে ১১১ জনকে ব্যালট পেপার সরবরাহ করা হয়েছিল। এর মধ্যে ১০০ জন ভোট প্রদান করেছেন। বাকি ১১ জন ভোট দেননি।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন্দিদের এই সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করছে।

মিলন রহমান/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।