হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৯ মে ২০২৬

হিলি স্থলবন্দরে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৬৬ কোটি ৫৭ লাখ টাকা।

তবে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে হিলি কাস্টমস।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নির্ভীক চাকমা।

তিনি জানান, চলতি অর্থবছরের ১০ মাসে হিলি কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৬৬ কোটি ৩৪ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৪৯৯ কোটি ৭৭ লাখ টাকা।

জানা গেছে, হিলি বন্দর দিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত ভারত থেকে মোট ছয় লাখ ৬৪ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এসব পণ্য থেকে সরকার প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব পেয়েছে।

কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আদায় হয় ৩৩ কোটি ৭৪ লাখ টাকা, আগস্টে ৪৪ কোটি ৮৮ লাখ, সেপ্টেম্বরে ৫৪ কোটি ৪৮ লাখ, অক্টোবরে ৫৬ কোটি ৪৯ লাখ, নভেম্বরে ৪২ কোটি ৯৯ লাখ এবং ডিসেম্বরে ৪৭ কোটি ৭০ লাখ টাকা।

এছাড়া ২০২৬ সালের জানুয়ারিতে আদায় হয় ৪৪ কোটি ৯১ লাখ টাকা, ফেব্রুয়ারিতে ৫৬ কোটি ৮১ লাখ, মার্চে ৬১ কোটি ৩৯ লাখ এবং এপ্রিলে সর্বোচ্চ ৬৫ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আমদানি কার্যক্রম বাড়লে অর্থবছরের শেষ দিকে রাজস্ব আদায়ের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।

এদিকে, চলতি সপ্তাহে শনিবার ৫৮, রোববার ৫০ এবং সোমবার ৩৩টি ভারতীয় ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

রাজস্ব কর্মকর্তা নির্ভীক চাকমা জানান, চলতি অর্থবছরের রাজস্ব কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। দামের তারতম্য ছাড়াও বিভিন্ন কারণে পণ্য আমদানি কিছুটা কমেছে। তবে মাসভিত্তিক রাজস্ব আদায়ের চিত্রে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আশা করি সময়ের মধ্যে ঠিক হবে।

মো মাহাবুর রহমান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।