কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সামনে থেকে বোমাসদৃশ ১০ বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোটকেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোটকেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের ২০ গজ দূরে অবস্থিত ঘাসের ক্ষেত থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজার ঘেঁষে বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র। বাজার ঘেঁষে স্থানীয় মতিন মাস্টার নেপিয়ার ঘাস ক্ষেত। সেখানে দুপুর ১২টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান মুখ বাঁধা দুটি ব্যাগ দেখতে পান। খবর পেয়ে সেখানে উৎসুক জনতা ভিড় করেন। তারা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্যরা ছুটে আসেন এবং দুটি ব্যাগ থেকে লাল স্কচটেপ প্যাঁচানো ১০টি বোমসদৃশ বস্তু উদ্ধার করেন।

এদিকে ভোটের আগের দিন কেন্দ্রের মাত্র ২০ গজ দূর থেকে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করায় আতঙ্কিত এলাকাবাসী। তারা নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে বানিয়াকান্দি ভোটকেন্দ্রের সামনে থেকে দুটি ব্যাগ থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে। এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান।

আল-মামুন সাগর/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।