ঝালকাঠিতে প্রস্তুতি সম্পন্ন, ২৩৭ কেন্দ্রে যাচ্ছে ব্যালট-সরঞ্জাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠি জেলার ২৩৭টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া শুরু হয়েছে। আইনশৃঙ্খলা নিশ্চিতে মাঠে মোতায়েন রয়েছেন তিন হাজার ৮১ জন আনসার-ভিডিপি সদস্য এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

বুধবার (১১ ফ্রেবুয়ারি) সকাল থেকে ঝালকাঠি সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিসাইডিং অফিসারদের কাছে ধাপে ধাপে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের আনুষঙ্গিক সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেগুফতা মেহনাজ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব গ্রহণ শুরু করেছেন।

একই দিন নলছিটি উপজেলায় ৭০টি ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জোবায়ের হাবিব জানান, কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা ভোটগ্রহণের প্রয়োজনীয় প্রায় ১৭ ধরনের সরঞ্জাম বুঝে নিয়েছেন। বিকেলের মধ্যেই সব কেন্দ্রে ব্যালট পেপার-বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে এরইমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিশ্চিতে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের মোবাইল টিম, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে কাজ করছেন।

জেলার অন্যান্য উপজেলার মধ্যে রাজাপুরে রয়েছে ৫০টি ভোটকেন্দ্র, যেখানে দায়িত্ব পালন করবেন ১৬৪ জন পুলিশ সদস্য। কাঁঠালিয়া উপজেলায় ৪০টি ভোটকেন্দ্রে মোতায়েন থাকবেন ১২৭ জন পুলিশ সদস্য।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন জানান, জেলার ২৩৭টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া হচ্ছে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মো. আমিন হোসেন/এসআর/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।