শেরপুরে ভোটের আগের রাতে কড়া নিরাপত্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০২:৪৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমানসহ অন্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শেরপুরের দুটি আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তিনি এসব কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তরফদার মাহমুদুর রহমান ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

শেরপুরে ভোটের আগের রাতে কড়া নিরাপত্তা

এ সময় জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর শেরপুরের কমান্ডিং অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসাররাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন। এখানে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৪টি, গুরুত্বপূর্ণ ৪০টি, আর সাধারণ ভোট কেন্দ্র ৮১টি।

নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে শেরপুর-২ আসন। এখানে ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ৭৮৬ জন ও নারী ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৪টি। এখানে অধিক গুরুত্বপূর্ণ ৫৫টি, গুরুত্বপূর্ণ ৫৯টি আর সাধারণ ভোটকেন্দ্র ৪০টি।

তিনি আরও বলেন, দুটি আসনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনি এলাকায় থাকবেন।

এমএনআইএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।