আমার গুন্ডা বাহিনী নাই যারা কেন্দ্র দখল রাখবে: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার কোনো অবৈধ কালো টাকা নেই যে আপনাদের ঘরে ঘরে বিলিয়ে দেব। আমার কোনো বড় কর্মী বাহিনী বা গুন্ডা বাহিনীও নেই যারা কেন্দ্র দখল করে রাখবে। আমার শক্তি কেবল আপনাদের ভালোবাসা ও দোয়া।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিন পাড়ায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, স্বতন্ত্র প্রার্থী শুনতে মনে হয় যেন মানুষটা একা একা। কিন্তু আমি একা না। এই এলাকার যে ভোটার আপনাদের ভালোবাসা ও দোয়া আমার সঙ্গে রয়েছে। সুতরাং হাসঁ মার্কা স্বতন্ত্র প্রার্থীর না, হাঁস মার্কা জনগণের মার্কা। হাঁস মার্কা যারা চাঁদাবাজি ও মামলাবাজি করে তাদের থেকে নিরাপদে থাকার মার্কা। হাঁস মার্কা বড় দলগুলোর অত্যাচার থেকে বাঁচতে চান তাদের মার্কা।
তিনি বলেন, আপনারা যদি এক মিনিট করেও কেন্দ্র পাহারা দেন তাহলে আমার একটা ভোটও কেউ চুরি করতে পারবে না। ভোটের আগে তারা হয়ত আপনাদের উপহারের নামে কিছু দিতে পারে, যদি দেয় তাহলে নিয়ে নিন, অসুবিধা নেই। কিন্তু ভোটটা দেবেন হাঁসে।
আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/জেআইএম