সহিংসতা ছাড়াই লক্ষ্মীপুরে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২২ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:১৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে

‎লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। কোনো ধরনের সহিংসতা ছাড়াই বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রথম ৪ ঘণ্টায় গড়ে ২২ শতাংশ ভোট পড়েছে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

লক্ষ্মীপুরের অন্তত ১২টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপচে পড়া ভিড়। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। তবে নারী বুথগুলোয় ধীরগতিতে ভোট হচ্ছে বলে অনেকেই অভিযোগ করছেন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ২৬২৭ ভোটের মধ্যে ৮০০ নারী-পুরুষ ভোট দিয়েছেন।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, কেন্দ্রটিতে ৩ হাজার ২২ ভোটের মধ্যে এরই মধ্যে ২৪ শতাংশ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে নারী কেন্দ্রে ২,৭০৯ ভোটের মধ্যে ২২ শতাংশ ভোটার এসেছেন। বেগম অজিফা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩,৪১৪ ভোটের মধ্যে সাড়ে ৮০০ ভোট কাস্ট হয়েছে।

এদিকে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের মিল্লাত একাডেমি কেন্দ্রে ৩,১৩৫ ভোটের মধ্যে ৭২৮ জন ভোট দিয়েছেন।

জেলার ৪টি সংসদীয় এলাকার অন্তত ২৫টি ভোটকেন্দ্রে খবর নিয়ে একই ধরনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন স্থানে পুরুষের তুলনায় নারী ভোটার বেশি এসেছেন। তবে কয়েকটি কেন্দ্রে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, এরই মধ্যে লক্ষ্মীপুর জেলার চারটি আসনে গড়ে ২২ শতাংশ ভোট পড়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।

কাজল কায়েস/এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।