হাতিয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের একটি কেন্দ্রে ভোটারের ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে রিজিয়া সুলতানা নামের একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ চলাকালে হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই কর্মকর্তার হাতিয়ার সৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল বাছেত সবুজ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুরে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা ভোটারদের ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার একটি ভিডিও ভাইরাল হয়। পরে তাকে অব্যাহতি দিয়ে আটক করা হয়েছে।

জানা গেছে, ভোটকক্ষে উপস্থিত একজন ব্যক্তি ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

এতে দেখা যায়, ওই কর্মকর্তা একটি ব্যালটে ‘হ্যাঁ’ ভোট এবং আরেকটি ব্যালটে ‘শাপলা কলি’ প্রতীকে সিল দেন।

তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিজিয়া সুলতানা বলেন, তিন মাস বয়সের নবজাতক সন্তানকে নিয়ে ভোট দিতে আসা একজন নারী ভোটারের অনুরোধে তিনি ব্যালটে সিল দেন।

তিনি আরও দাবি করেন, সিল দেওয়ার আগে তিনি ভোটকক্ষে উপস্থিত পোলিং কর্মকর্তা এবং প্রার্থীর এজেন্টদের মতামত নিয়েছিলেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, গণনার কাজে ব্যস্ত থাকায় ওই কর্মকর্তাকে নিয়ে পুলিশ এখনো থানায় আসেনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

আইএই/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।