ময়মনসিংহ-৮ আসনে জয়ী ধানের শীষের মাজেদ বাবু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:২৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহ-৮ আসনে জয়ী ধানের শীষের মাজেদ বাবু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে সাবেক দুই এমপি ও জামায়াত জোটের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এক লাখ সাত হাজার ৫৭৭ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল ছাতা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ্ নুরুল কবির শাহিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট। জাপার প্রেসিডিয়াম সদস্য তিন বারের সাবেক এমপি ফখরুল ইমাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক হাজার ৭১৯ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান এ ফলাফল ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৮ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭৯ হাজার ৪৩৭ জন, নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৪৩৬ জন এবং হিজড়া ভোটার রয়েছে ৬ জন। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৯২টি কেন্দ্রের ৬২৮টি কক্ষে ভোটাররা ভোট প্রয়োগ করেন। মোট ভোট পড়েছে এক লাখ ৯২ হাজার ৬৩২ ভোট। এতে ৪ হাজার ৮১১ টি ভোট বাতিল হয়েছে। আসনটিতে ৫৫.৭১ শতাংশ ভোট পড়েছে।

নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, রাজনীতিতে এসেছি কোনো কিছু নেওয়ার জন্য নয়, রাজনীতিতে এসেছি মানুষের কল্যাণের জন্য। নির্বাচনের আগে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি। সেসব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করবো।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান বলেন, নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এমডিকেএম/এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।