জামানত হারিয়ে গণসংহতি আন্দোলন থেকে পদত্যাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রাজিব দল থেকে পদত্যাগ করেছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে মাথাল প্রতীকের প্রার্থী ছিলেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নতুন বাজারস্থ একটি অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মুস্তাফিজুর রহমান রাজিব জানান, ‘দীর্ঘদিন ধরে গণসংহতি আন্দোলনে কেন্দ্রীয় ও জেলা কমিটির দায়িত্ব পালন করছেন। তবে এখন ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাই এখন থেকে গণসংহতি আন্দোলনের কোনো পদে তিনি নেই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সদর আসনে গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীকের প্রার্থী হয়ে ৪৬৭ ভোট পেয়ে জামানত হারান মুস্তাফিজুর রহমান রাজিব।

তিনি ছাড়াও আরও আট প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ এক লাখ ৭৯ হাজার ৬৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৮৮০ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন পেয়েছেন ৮ হাজার ৭০১ ভোট, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী আবু মো. মুসা সরকার পেয়েছেন ৩ হাজার ৮৪৫ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কাস্তে প্রতীকের প্রার্থী এমদাদুল হক মিল্লাত পেয়েছেন এক হাজার ৩৯৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকের প্রার্থী মো. লিয়াকত আলী পেয়েছেন ৮৯২ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কাঁচি প্রতীকের প্রার্থী শেখর কুমার রায় পেয়েছেন ৭৪০ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী মো. হামিদুল ইসলাম পেয়েছেন ৩৭৩ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৩০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৫ জন, নারী ভোটার ৩ লাখ ৫০ হাজার ২৯১ জন এবং হিজড়া ১০ জন। মোট ১৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৬৭ হাজার ৯৬৩ ভোট।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।