লালমনিরহাট-৩
৮৩ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপির আসাদুল হাবিব দুলু
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৩ হাজার ২০ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে সদর উপজেলা কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
লালমনিরহাট সদর উপজেলার ৯৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপিপ্রার্থী আসাদুল হাবিব দুলু ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ৬৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৬৭১ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ সাত হাজার ৯৭০ জন।
এই দুই প্রার্থীর পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরও চারজন প্রার্থী। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিনুল ইসলাম (হাতপাখা) ৩,২৬৮ ভোট, জাতীয় পার্টির জাহিদ হাসান লিমন (লাঙ্গল) ২,১৩৩ ভোট, কমিউনিস্ট পার্টি মধুসূদন রায় মধু (কাস্তে) ৮৬১ ভোট এবং গণসংহতি আন্দোলন দীপক কুমার রায় (মাথাল) পেয়েছেন ৪২৭ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সদরের প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে ছিল।
ভোটকেন্দ্রে জাল ভোট, ভোট ডাকাতি বা কোনো ধরনের অরাজকতা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সাধারণ ভোটার ও পর্যবেক্ষকরা।
এমআইএসএন/এমআইএইচ