সাভারে পার্কিং করা বাসে আগুন

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ১০:১৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সাভারে হানিফ পরিবহনের পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল পেট্রোল পাম্পের সামনে আরিচাগামী লেনে একটি হানিফ পরিবহনের বাস পার্কিং করা ছিল। হঠাৎ ওই বাসে পথচারীরা আগুন দেখতে পায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর ৭টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি।

তবে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জাগো নিউজকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির যান্ত্রিক ত্রুটি না নাশকতা তা খতিয়ে দেখছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে বাসের ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ড।

মাহফুজুর রহমান নিপু/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।