বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে আগুন
বাগেরহাটে আলীমুজ্জামান রানা নামের এক যুবদল নেতার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে তার বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনী। আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
আলীমুজ্জামান বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তিনি বলেন, ‘রোববার রাতে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। পরে একদল দুর্বৃত্ত এসে বসতঘরের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় সবার ঘুম ভেঙে যায়। তখন আমরা জীবন বাঁচাতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’
তিনি বলেন, ‘স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ততক্ষণে আমার বসতঘর ও রান্নাঘর পুড়ে পুড়ে যায়। আগুনে টিভি, ফ্রিজ, আসবাবপত্র, বিভিন্ন মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।’
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, ‘আগুনে ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। রানা অভিযোগ করেছেন তার প্রতিপক্ষরা রাতের অন্ধকারে তার বাড়িতে আগুন দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’
এর আগে স্থানীয়দের আধিপত্য নিয়ে ভোটের পরের রাতে এবং সকালে মান্দ্রা গ্রামে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এসময় জামায়াত ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের অন্তত ১৫টি বসতবাড়ি ভাঙচুর করা হয়।
নাহিদ ফরাজী/এসআর/জেআইএম