সিলেট
রোজার আগেই লেবুর হালি ১০০-১২০, শসার দাম দ্বিগুণ
রোজা শুরুর আগেই সিলেটে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে লেবুর দাম। একই সঙ্গে বেড়েছে শসার দামও।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাজারে প্রতিহালি লেবু ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
অথচ গত সপ্তাহে বাজারে প্রতিহালি লেবু ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল। শসা বিক্রি হয়েছিল ৩০ থেকে ৪০ টাকায়। রমজান আসার আগেই দাম বেড়েছে অস্বাভাবিক হারে।
রোজা শুরু আগেই বাজারের উত্তাপে ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রমজান শুরু হলে দাম আরও বাড়তে পারে।
সিলেট নগরীর বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, ছোট আকারের প্রতিহালি লেবু ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। মাঝারি ও বড় আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

বেড়েছে শসার দামও। বাজারে প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৩০ থেকে ৪০ টাকায়। এছাড়া ইফতার ও সেহরিতে প্রয়োজনীয় অন্যান্য সবজির দামও বাড়তে শুরু করেছে।
মদিনা মার্কেট এলাকার সবজি ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, ‘পাইকারি বাজার থেকেই বেশি দামে লেবু কিনতে হচ্ছে। অনেক চাষি রমজানে বেশি দাম পাওয়ার আশায় লেবু ধরে রাখছেন। ফলে সরবরাহ কম থাকায় বাজারে দাম বাড়ছে।’
সুবিদবাজারে কেনাকাটা করতে আসা ফাহাদ বিন পাপলু বলেন, ‘রমজানে লেবুর চাহিদা বেশি থাকে। এজন্য রমজান এলেই লেবুসহ অন্যান্য জিনিসপত্রে দাম বেড়ে যায়। এবার আগেভাগেই লেবুর দাম ১০০ টাকায় চলে গেছে।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা কাজ শুরু করেছি। যেখানে অনিয়মের খবর পাওয়া যাবে, সেখানেই অভিযান চালাবো।
আহমেদ জামিল/এসআর/এএসএম