আফরোজা খানম মন্ত্রী হওয়ায় মানিকগঞ্জে উৎসব, মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম (রীতা)। তার এ সাফল্যে জেলার বিভিন্ন গ্রাম ও এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। গ্রামে ভ্যানে করে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। পরে একই দিন বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নে জেলা ছাত্রদলের উদ্যোগে মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহীনুর হোসেন শাহীন ও সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. সুজন মিয়া।

এছাড়াও মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে মানিকগঞ্জ শহরেও মিষ্টি বিতরণ করা হয়। দলীয় নেতাকর্মীরা বলেন, রীতার এ অর্জন মানিকগঞ্জবাসীর জন্য গর্বের বিষয় এবং তার নেতৃত্বে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে।

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আফরোজা খানম (রীতা) ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। পাশাপাশি তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।

তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে চার বারের সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে এবার প্রথমবার এমপি হয়ে মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা।

মো. সজল আলী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।