পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি চালুর দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক পাবিপ্রবি
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্ররাজনীতি উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি প্রধান ফটক থেকে শুরু হয়ে ‘জুলাই-৬’ হল, স্বাধীনতা হল, স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় তারা ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘যুগে যুগে জিতলো কারা জিয়ার সৈনিকেরা’, ‘যে জিয়া জনতার সে জিয়া মরে নাই’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম বলেন, ‘ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলে অনেকের সুবিধা হয়। রাজনীতি নিষিদ্ধ রাখলে অনেকের গদি ধরে রাখতে সুবিধা হয়। ২০২৪ সালে অবৈধভাবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। আমরা তখন এর প্রতিবাদ করেছিলাম কিন্তু প্রশাসন কিছু বলেনি। গত কয়েক মাসে আমরা একাধিকবার প্রশাসনকে রাজনীতি চালু করার জন্য স্মারকলিপি দিয়েছি, কিন্তু প্রশাসন এ বিষয়ে কর্ণপাত করেনি। অনতিবিলম্বে যদি রাজনীতি উন্মুক্ত করে দেওয়া না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।’

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, ‘একটি ষড়যন্ত্রকারী মহল আমাদের অধিকারকে খর্ব করার জন্য রাজনীতি নিষিদ্ধ করেছে। আমরা বর্তমান প্রশাসনকে বলতে চাই, আমরা আমাদের অধিকার চাই। আপনারা আমাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিন।’

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।