চলন্ত ট্রেনে এসির কনডেন্সার কয়েল চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
পঞ্চগড় এক্সপ্রেসের এসি কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে

ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের এসি কোচের কনডেন্সার কয়েল (কম্প্রেসার থেকে আসা গরম গ্যাসকে ঠান্ডা তরলে রূপান্তর করে) চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ট্রেনের ক্ষতিগ্রস্ত ‌‘গ’ নম্বরের কোচটি (বগি) পঞ্চগড় রেলস্টেশনে রেখেই অন্য কোচ নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। ক্ষতিগ্রস্ত এসি কোচটি স্পেয়ার কোচ হিসেবে ব্যবহার করা হবে বলে জানা গেছে।

পঞ্চগড় রেলস্টেশন ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসে দ্রুতযান একপ্রেস ট্রেনটি। পথেই দায়িত্বপ্রাপ্তরা কনডেন্সার চুরির বিষয়টি বুঝতে পেরে রেল কর্তৃপক্ষকে অবগত করা হয়। সকাল ৭টা ৫৫ মিনিটে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেনটি।

কোচটিতে ৭৮টি এসি চেয়ার ছিল। দুপুরে দুর্ভোগে পড়েন পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাওয়া যাত্রীরা। এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর ও ৮ ফেব্রুয়ারির ট্রেনে এমন চুরির ঘটনা।

পঞ্চগড় রেলস্টেশনের ইলেকট্রিক ইনচার্জ পাভেল মাহমুদ বলেন, ঢাকা থেকে পঞ্চগড়ে আসার সময় ওপর থেকে সেটা কেউ চুরি করে নিয়ে গেছে। এতে এসির কার্যকরিতা কমে গেলে দায়িত্বশীলরা বুঝতে পারেন।

তিনি বলেন, এসি কোচের জন্য ওই অংশ বা কনডেন্সার কয়েল অতি গুরুত্বপূর্ণ। যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই ওই কোচ রেখে কম সংখ্যা কোচ নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। ঘটনার বিবরণ জানার জন্য দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের তলব করা হয়েছে।

স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সকালে ট্রেনটি পঞ্চগড় স্টেশনে প্রবেশ করলে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে একটি কোচ বাতিল ঘোষণা করা হয়। মেসেজে তারা জানিয়েছেন, একটি কনডেন্সার কয়েল মিসিং রয়েছে। একইসঙ্গে ওই কোচের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়। এরইমধ্যে যারা টিকিট কিনেছেন তারা টাকা ফেরত পেয়েছেন।

সফিকুল আলম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।