দিনাজপুর
স্লোগান দিয়ে দুপুরে কার্যালয়ে আ’লীগ নেতাকর্মীরা বিকেলে আগুন
১৮ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে ছয়জন নেতাকর্মী স্লোগান দিয়ে কার্যালয়ে প্রবেশ করার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে সমবেত হন। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। সেলফি তোলেন। পরে ভেতরে প্রবেশ করে কিছু সময় অবস্থান করেন। তাদের স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ সময় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, ‘কার্যালয়ের দরজা-জানালা বর্তমানে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। কারা স্লোগান দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি তদন্ত করছেন। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে, তাই জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
গত ৫ আগস্টের হামলার পর থেকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দীর্ঘদিন পর কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতাদের স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অপরদিকে এ ঘটনার প্রতিবাদে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। তারা এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রকাশ্যে ঘোরাফেরা এবং স্লোগান দেওয়ার প্রতিবাদ জানিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম